আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
৫ অক্টোবর থেকে আহমেদাবাদে শুরু হবে বিশ্বকাপের মহাআসর। তার এক মাস আগে আজই ১০ দলকে দিতে হবে বিশ্বকাপের স্কোয়াড। আইসিসির নিয়ম মেনে আজ বাংলাদেশও দেবে ১৫ জনের স্কোয়াড।
তবে সেটা চূড়ান্ত নয়, ডামি স্কোয়াড হবে। যে স্কোয়াডটি শুধু দেওয়ার জন্য দেওয়া হবে আইসিসির কাছে। এখানে কাউকে ইনজুরি ছাড়াও বাদ দেওয়া যাবে এবং তার জন্য সময়ও হাতে আছে।
আইসিসির নিয়ম মেনেই ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে বদল আনা যাবে। আর সেই সুযোগই নিতে চায় বিসিবি। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পরই তাই বিশ্বকাপের চূড়ান্ত দল দেবে বিসিবি। সেখানে কতটা চমক থাকবে, তা নির্বাচকরাও জানেন না।
তবে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যে চমক থাকছে, সেটা গতকাল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন ক্যামেরার সামনেই জানিয়ে দিয়েছেন। ‘লজিস্টিক কারণে এখন একটা দল দিতে হচ্ছে। কিন্তু মূল দল দিতে হবে ২৭ তারিখের মধ্যে। নিউজিল্যান্ড সিরিজও আমরা দেখব।’
বিসিবিপ্রধানের কথাতেই পরিষ্কার, এশিয়া কাপ খেলা দলটি বিশ্বকাপের দল না। উদাহরণ হিসেবে তিনি তামিম ইকবাল আর লিটন দাসের চোট ও অসুস্থতার কথা সামনে এনেছেন। ‘ধরুন, তামিম ও লিটনের নাম ধরে দিলাম। তারপর যদি ওরা খেলতে না পারে, ফিট না হয়; ওদের নাম থাকবে? তবে এটাই চূড়ান্ত নয়।’
এশিয়া কাপে এরই মধ্যে ওপেনিং আর লেটঅর্ডারে দুর্বলতা ফুটে উঠেছে। সেখানে শেখ মেহেদী কিংবা আফিফের জায়গায় একটা পরিবর্তনের আভাস রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে যেমন মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা নিশ্চিত করেছেন বিসিবিপ্রধান।
‘আমাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেই পরিকল্পনা প্রয়োগে এগোতে পারিনি। এশিয়া কাপে আছে ১৭ জন। এখানে ট্রেনিং করছে ৬ জন। এর মধ্যে লিটন ও তামিমকে ধরে মোট ২৫ জন। এর মধ্য থেকে ১০ জনকে বাদ দিতে হবে। যারা এশিয়া কাপে ভালো করছে, তারা তো থাকবেই।’
সাংবাদিকদের প্রশ্ন ছিল– মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে কিনা? উত্তরে রিয়াদের থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। ‘আমি তো মনে করি আছে, না থাকার কারণ দেখি না।
’ আসলে এশিয়া কাপে কিছু পজিশনে বড় ধরনের ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই বিশ্বকাপের দল নিয়ে নিউজিল্যান্ড সিরিজে পরীক্ষাটা চালাবেন কোচ-অধিনায়ক এবং ডামি স্কোয়াড ভেঙে তারপরই দেখা যাবে বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড।
